ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মনোয়ারা বেগম উপজেলার সিলেটপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম আয়নাল হক।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। অভিযানে এসআই আব্দুল্লাহ আল মইন, এএসআই বিপ্লব, এএসআই রহমত আলীসহ পুলিশের সদস্যরা ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর মনোয়ারা বেগমকে উদ্ধার করা গাঁজাসহ দেওয়ানগঞ্জ থানায় পাঠানো হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।