যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২

রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির অপবাদে ৩ জনকে বেধড়ক পিটিয়েছে স্থানীয়রা। গণপিটুনিতে নুর মোহাম্মদ (৫০)নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

​শনিবার (১৫আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল ও পার্শ্ববর্তী উলিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরে একটি ছোট ডিঙ্গি নৌকাযোগে তিন ব্যক্তি যমুনা নদীর বরুল এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় জেলেরা তাদের ‘জাল চোর’ সন্দেহে ধাওয়া করেন। প্রাণভয়ে তারা নৌকা চালিয়ে গুঠাইল এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানকার জেলেরাও ধাওয়ায় অংশ নেন। একপর্যায়ে উলিয়া এলাকায় তাদের ঘিরে ফেলে ধরে ফেলা হয়। সেখানে উত্তেজিত জনতার মারধরে ঘটনাস্থলেই মারা যান নুর মোহাম্মদ এবং অপর দুইজন মারাত্মক আহত হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *