ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে নিজেদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে ‘মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মো. বজলুর রহমান। শনিবার (১৫ আগস্ট) দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের একটি ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বজলুর রহমান অভিযোগ করেন, এনামুল হক ও তাঁর স্ত্রী মোছা. রুবিনা তাঁদের বিরুদ্ধে একের পর এক মামলা করে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। এর মধ্যে চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলাকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
বজলুর রহমানের দাবি, রুবিনার করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গর্ভের সন্তান নষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছিল। তবে পরে ওই সন্তান সুস্থভাবে জন্ম নিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় মামলার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও তিনি উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে মামলা দায়েরের মাধ্যমে তাঁদের সামাজিকভাবে হেয় করার পাশাপাশি মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।
তবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগের বিষয়ে এনামুল হক ও মোছা. রুবিনার বক্তব্য পাওয়া যায়নি।
বজলুর রহমান বলেন, তাঁরা আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। তাই প্রতিটি মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
কোনো মামলা মিথ্যা ও হয়রানিমূলক প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, ব্যক্তিগত বিরোধে আইনের অপব্যবহার বন্ধ এবং তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বজলুর রহমান বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা চান।