ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

আধুনিক ও ডিজিটাল শিক্ষাব্যবস্থার প্রসারে বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১০ আগস্ট ২০২৬ জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে প্রদত্ত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হারুন অর রশীদ বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ তাছলিমা আক্তার বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করা সম্ভব। মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান আরও আকর্ষণীয়, সহজবোধ্য ও কার্যকর হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীদের মাঝে আধুনিক ও ডিজিটাল শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পড়াশোনায় নতুন মাত্রা যোগ করবে।
মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর ফলে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা গ্রহণের আরও সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা জানান।