মোঃ আলমগীর, জামালপুর প্রতিনিধি

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী জিএস ফিরোজ মিয়া।
বুধবার (৫ জুলাই) দুপুরে জেনারেল হাসপাতাল গেইট ঔষধ মার্কেট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভা ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী জিএস ফিরোজ মিয়া।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং দীর্ঘ ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে হত্যা, খুনের শিকার হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ জানি ৩৬ জুলাই শেখ হাসিনার পতনের দিন। এই দিনে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে, এই দেশ থেকে ভারতে পলায়ন করেছে।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৪শতর উপরে হত্যা করে এই দেশে টিকে থাকতে পারে নাই। ছাত্র-জনতার উপর স্টিমরুলার চালিয়েছে। হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে। সেই গুলি ৬ বছরের শিশুর উপর পরে শিশুটি নিহত হয়। যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা এশিয়া মহাদেশে তিনি সর্বোচ্চ খুন করেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। সেই ফ্যাসিস্ট হাসিনা আজকে নেই। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপি’র পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল।
তিনি বলেন, আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়াকে দেশছাড়া করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কি খেলা। রাখে আল্লাহ, মারে কে। আল্লাহ উনাকেই দেশে রেখেছেন। স্বৈরাচার শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। মরতে যদি হয় এই দেশেই মরবো, আর বাঁচতে হলেও আমি এই দেশেতেই বাঁচবো। তার দোয়া আল্লাহ কবুল করেছিলেন এবং তিনি এই দেশেই মারা গিয়েছেন।
ফিরোজ মিয়া বলেন, আর সেই ফ্যাসিস্ট আজকে এই দেশ ছেড়ে পলায়ন করেছে। তিনি বিএনপি নেতাকর্মীদের উপর স্টিমরোলার চালিয়েছেন। খুন, গুম করে আয়না ঘরে নিয়ে রেখেছেন। আজকে হাসিনাসহ তার উত্তরসূরিরা পালিয়ে গিয়েছে। আর যারা পালাতে পারে নাই। তারা বিড়ালের মতো লুকিয়ে রয়েছে। জনগণ বুঝিয়ে দিয়েছে ক্ষমতার সকল উৎস হচ্ছে জনগণ। জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। জনগণ যাকে রাখবে সে ক্ষমতায় থাকতে পারবে। অন্যথায় কেউ ক্ষমতায় থাকতে পারবেনা।
তিনি আরও বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ মাসের নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামাত-শিবির এবং এনসিপি’র নেতাকর্মীরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। তারা গঠনমূলক সমালোচনা না করে আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করছে। নির্বাচিত এমপি, মন্ত্রীদের নিয়ে নানা সমালোচনা করছে। আজকে এই অনুষ্ঠান থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই।
শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সবুজ, আরিফ হোসেন, ফরিদুজ্জামান ফরিদ, গোলাম মোস্তফা, আব্দুল জব্বার, মো. ফিরোজ প্রমুখ।
পরে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় জেলা বিএনপি, জেলা ও শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবকদলসহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।