মোঃ আলমগীর, জামালপুর প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (৫ জুলাই) বিকেলে শহরের দয়াময়ী মোড়ে গণমিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাবেক সভাপতি ডাক্তার ইউনুস আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবির, সেক্রেটারি হামিদুর ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ নাহিদ ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আল আমিন রুহানি, সাধারণ সম্পাদক কে এম আবু সাঈদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুফতী মোস্তফা কামাল বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা শাখা আয়োজিত গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন এই দেশটি ৫৫ বছর হয় স্বাধীন হয়েছে। কোনদিনও বাংলার মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে নাই। অনেক সরকার এসেছে চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। এরপর একটি জালিম সরকার যিনি মুক্তিযুদ্ধকে বিক্রি করে বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন। তিনি বার বার ক্ষমতায় থেকে মানুষকে হত্যা করেছে। আয়না ঘরে নির্মমভাবে নির্যাতন করে মানুষদেরকে জিম্মি করে রেখেছিলেন।
তিনি আরও বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন ছিল এই দেশ থেকে বৈষম্য দূর করার আন্দোলন। সেই আন্দোলনে আবু সাঈদসহ অনেক ছাত্র-জনতারকে হত্যা করা হয়। এই হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করেছিল। আমরা জুলাইয়ের আন্দোলন সংগ্রাম করেছি এই খুনি হাসিনাকে পতন করানোর জন্য। এই বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত প্রকৃত স্বাধীনতা না পাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আবার জুলাই গণঅভ্যুত্থান হবে ইনশাল্লাহ।
সমাবেশ শেষে এক গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। পরে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতী মোস্তফা কামাল।
গণমিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।