ধোবাউড়ায় আইজিপি পরিচয়ে সরকারি কর্মকর্তাকে হুমকি, যুবকের কারাদণ্ড

এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয় দিয়ে এক সরকারি কর্মকর্তাকে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার বাঘবেড় ইউনিয়নের পূর্ববহুলী গ্রামের ওলি মাহমুদের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইজিপি পরিচয়ে হুমকি দেওয়ার ঘটনায় প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে ধোবাউড়া থানা পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, এক সরকারি কর্মকর্তাকে আইজিপি পরিচয়ে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *