নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে হালুয়াঘাটে বিএনপর বিক্ষোভ মিছিল

এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার রাতে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন।
প্রতিবাদ মিছিলটি হালুয়াঘাট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং উক্ত বক্তব্যের তীব্র নিন্দা জানান।

নাসিরুদ্দিন পাটোয়ারী তার বক্তব্য বলেন, সীমান্তে যত আওয়ামী লীগের লোক ভারতে গিয়েছে, অধিকাংশ ৮০ পার্সেন্ট লোক এই ময়মনসিংহ সীমান্ত দিয়ে গিয়েছে। আমাদের খোঁজ করতে হবে ইমরান সালেহ প্রিন্স কি এটার সাথে জড়িত ছিল কিনা, এটাকে ইনভেস্টিগেশনে নেওয়া দরকার।

​আমরা দেখেছি এই সীমান্ত দিয়েই কিন্তু উসমান হাদীর খুনি পালিয়ে গিয়েছে। তাহলে যদি এখানে সন্ত্রাসী বাংলাদেশে গুলি করে চলে যায়, ওই পাশ থেকে সন্ত্রাসী আসে, তাহলে বাংলাদেশের ময়মনসিংহবাসী, হালুয়াঘাটবাসীর নিরাপত্তা কোথায়? এটা আমরা সরকারকে প্রশ্ন রাখতে চাই।

​এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকেরুল্লাহ এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।
বক্তারা অভিযোগ করেন, এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিএনপির শীর্ষ নেতাদের সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তারা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভবিষ্যতে রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ও সংযত ভাষায় বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে হালুয়াঘাটের রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *