শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জে অন্তর রবিদাস (২২) নামে এক সৌদি প্রবাসীর অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আজ ১৯ জুলাই সকালে শ্মশানঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত অন্তর রবিদাস মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার এলাকার বকুল মার্কেটের বাসিন্দা বিগেরু (৪৭)-এর ছেলে।
দুই মাস আগেই করেছিলেন বিয়ে, ছিল ঋণের বোঝা
পারিবারিক সূত্রে জানা গেছে, অন্তর রবিদাস প্রায় দুই বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। চার মাস আগে তিনি বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন। এরপর মাত্র দুই মাস আগে মেলান্দহ উপজেলার হাজডাবাড়ী পূর্ব গুজামানিকা এলাকার ভারগতি রবিদাসের মেয়ে রুপা রবিদাস (১৯)-এর সাথে তার বিয়ে হয়। পরিবারের দাবি, বিদেশ থেকে ফেরার পরও তার ওপর প্রায় দুই লাখ টাকার ঋণের বোঝা ছিল।
বাড়ির গেটে মিলল অচেতন দেহ
পরিবারের সদস্যরা জানান, গত ১৮ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ির গেটের সামনে অন্তরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে তাকে পুনরায় বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশকে না জানিয়েই শ্মশানে নেওয়ার চেষ্টা
আজ ১৯ জুলাই সকালে পুলিশকে কোনো তথ্য না জানিয়েই পরিবারের পক্ষ থেকে মরদেহ সৎকারের জন্য স্থানীয় শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে