মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আছাদুজ্জামান-এর ওপর ডিউটিরত অবস্থায় বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে এক প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই) সকাল ১০:০০ ঘটিকায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ৬ জুলাই মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় মো. আছাদুজ্জামানের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাইদুলের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের ওপর একের পর এক হামলা ও হেনস্থার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কর্মস্থলে নিরাপত্তা না থাকলে চিকিৎসকদের পক্ষে নির্বিঘ্নে সেবা দেওয়া অসম্ভব। মাদারগঞ্জের ঘটনায় জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশ শেষে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।