শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জে মাত্রাতিরিক্ত ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। মাদারগঞ্জ জোনাল অফিসের সামনে শত শত স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত লোডশেডিং বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, গত কিছুদিন ধরে মাদারগঞ্জ ও আশপাশের এলাকায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। দিন-রাতের অধিকাংশ সময়ই বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে এই তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা চরম ভোগান্তিতে পড়েছেন, পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসায়িক কার্যক্রম। বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় আজ বাধ্য হয়ে তারা অফিস ঘেরাও করেন।
বিক্ষোভের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মাদারগঞ্জ বিদ্যুৎ অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার)। তিনি উত্তেজিত গ্রাহকদের মুখোমুখি হয়ে তাদের অভিযোগ ও দাবিগুলো শোনেন।
ডিজিএম গ্রাহকদের আশ্বস্ত করে জানান, জাতীয় গ্রিড ও কারিগরি কিছু সমস্যার কারণে সাময়িকভাবে এই ভোগান্তি হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার দৃঢ় আশ্বাস দেন তিনি। কর্তৃপক্ষের এই আশ্বাসের পর গ্রাহকরা শান্ত হন এবং পরিস্থিতি স্বাভাবিক অববস্থায় ফিরে আসে।
তবে স্থানীয় সচেতন মহল ও গ্রাহকদের হুঁশিয়ারি, আগামী কয়েকদিনের মধ্যে যদি বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হয়, তবে পরবর্তীতে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।