মাদারগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, গ্রাহকদের বিক্ষোভ

শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জে মাত্রাতিরিক্ত ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। মাদারগঞ্জ জোনাল অফিসের সামনে শত শত স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত লোডশেডিং বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
​স্থানীয় গ্রাহকদের অভিযোগ, গত কিছুদিন ধরে মাদারগঞ্জ ও আশপাশের এলাকায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। দিন-রাতের অধিকাংশ সময়ই বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে এই তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা চরম ভোগান্তিতে পড়েছেন, পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসায়িক কার্যক্রম। বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় আজ বাধ্য হয়ে তারা অফিস ঘেরাও করেন।
​বিক্ষোভের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মাদারগঞ্জ বিদ্যুৎ অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার)। তিনি উত্তেজিত গ্রাহকদের মুখোমুখি হয়ে তাদের অভিযোগ ও দাবিগুলো শোনেন।
​ডিজিএম গ্রাহকদের আশ্বস্ত করে জানান, জাতীয় গ্রিড ও কারিগরি কিছু সমস্যার কারণে সাময়িকভাবে এই ভোগান্তি হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার দৃঢ় আশ্বাস দেন তিনি। কর্তৃপক্ষের এই আশ্বাসের পর গ্রাহকরা শান্ত হন এবং পরিস্থিতি স্বাভাবিক অববস্থায় ফিরে আসে।
​তবে স্থানীয় সচেতন মহল ও গ্রাহকদের হুঁশিয়ারি, আগামী কয়েকদিনের মধ্যে যদি বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হয়, তবে পরবর্তীতে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *