মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ১৪ বছর পূর্তি ও ১৫ তম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে জামালপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২১জুন) দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর প্রেসক্লাব।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরে একাত্তর টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি আরও বলেন, “একাত্তরের সঙ্গে জাতির আজীবনের স্মৃতি জড়িয়ে আছে। একাত্তর টিভি দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি একাত্তর চ্যানেলের সার্বিক সফলতা কামনা করেন।”
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, দৈনিক সচেতনকন্ঠের সম্পাদক বজলুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি আনসারী সুমন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।