মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষি জমির উর্বর টপ সয়েল কেটে বিক্রি, কৃষিজমি ও সড়কের ক্ষতিসাধন এবং জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে মো: মিজান রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১৪ জুন রোববার দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কৃষি জমি থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় সড়কেরও ক্ষতি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি কাটার সময় ভেকুর মালিক মিজানকে হাতেনাতে আটক করে। মিজান রাজিবপুর উপজেলার চর রাজিবপুর গ্রামের বাসীন্দা।
প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমির টপ সয়েল অপসারণ করে জমির শ্রেণি পরিবর্তন এবং পরিবেশ ও কৃষির ক্ষতিসাধনের অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করা দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃষিজমি রক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।