ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

অদ্য বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে “উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর আয়োজনে এবং জেলা প্রশাসন, বরগুনার সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনএপিডি-এর মহাপরিচালক (সচিব) জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার জনাব মো: কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা এবং সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সজল চন্দ্র শীল, এনএপিডি ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ আশরাফুল আলম, এলজিইডি-এর সিনিয়র প্রকৌশলী এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহোদয়।
কর্মশালায় উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অভিযোজন কৌশল এবং টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালার উন্মুক্ত অধিবেশনে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণের পাশাপাশি গ্রুপ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। উক্ত ওয়ার্কশপে ৬টি পৃথক গ্রুপের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ সুপারিশমালা আহ্বান করা হয় এবং তা যথাযথভাবে গ্রহণপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।