মোঃ খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৪৩ মিনিটে জামালপুর রেলওয়ে থানার আওতাধীন দেওয়ানগঞ্জ সুগার মিলের গাবতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ২৭ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে, সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।