মোঃ শওকত আলী,নিজস্ব প্রতিবেদক

মেলান্দহ পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ মঙ্গলবার (২ জুন) চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পৌরসভার অর্থায়নে বাস্তবায়নাধীন এসব প্রকল্পের উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলান্দহ পৌরসভার প্রশাসক জিন্নাতুল আরা।
সকাল থেকে বিভিন্ন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মন্জুরুল কবির মন্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পরিচালক আল আকসা ইসকামী একাডেমী,জনাব মোঃ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতাউল হক চিশতী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ওমর আলী, মেলান্দহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মাদ মোয়াক্ষির হোসেন এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে:
১. আল আকসা ইসলামী একাডেমী গেইট (মেইন রোড) থেকে মোঃ সরুয়ার হোসেনের বাড়ি পর্যন্ত ড্রেনসহ আরসিসি রাস্তা নির্মাণ।
২. মেলান্দহ বাজার ছাগল হাটি থেকে কিচেন মার্কেট অভিমুখী রাস্তা (ড্রেনসহ আরসিসি)।
৩. চাকদহ মোঃ আয়ুব খানের বাড়ি হইতে মৃত মোখলেছুর রহমানের বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ।
৪. দিঘলের বাড়ি, মোঃ সরবত হোসেনের বাড়ি থেকে মোঃ আব্দুল জলিলের বাড়ি পর্যন্ত রাস্তা সলিং দ্বারা উন্নয়নকরণ।
উদ্বোধন শেষে প্রশাসক জিন্নাতুল আরা আল আকসা ইসলামী একাডেমী পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে পৌরবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।