দেওয়ানগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে হৃদরোগে নাইট গার্ডের মৃত্যু

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে আফসার আলী (৪০) নামে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার চর খড়মা এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আফসার আলী চর খড়মা এলাকার বাসিন্দা এবং তিলকপুর মোল্লা বাজারে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। রাতের ডিউটি শেষে সকাল আনুমানিক ৬টার দিকে বাড়িতে ফিরে টর্চলাইট চার্জে দিয়ে স্ত্রী মোছা. মাফিয়ার সঙ্গে কথা বলে গরুর জন্য ঘাস কাটতে পশ্চিম পাশের মাঠে যান।
এসময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। মাঠে কাজ করার একপর্যায়ে আফসার আলী হঠাৎ শরীর খারাপ ও বুকে ব্যথা অনুভবের কথা জানিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়ির উঠানে শুইয়ে মাথায় পানি ঢালা ও হাত-পায়ে তেল মালিশ করা হলেও সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে তিনি সবার সামনে মৃত্যুবরণ করেন।
পরিবারের দাবি, আফসার আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। তার মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো সন্দেহ নেই বলেও থানায় দেওয়া অপমৃত্যুর আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *