পাবেল, মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় ইউপি সদস্যরা।
আজ বুধবার (২০ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সরকার প্রদত্ত ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুন অভিযোগ করে বলেন, সরকার দরিদ্র মানুষের জন্য যে চাল বরাদ্দ দিয়েছে, তা থেকে জামায়াতের নেতাকর্মীরা ভাগ দাবি করেন। দাবি পূরণ না করায় তারা ইউপি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজাউদ্দিন বলেন, দুঃস্থদের জন্য বরাদ্দকৃত চাল জামায়াত নেতাদের না দেওয়ায় তারা আমার ওপর হামলা চালায়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুনের স্বামী আবুল হোসেন বলেন, যদি তাদের পক্ষ থেকে প্রকৃত দুস্থ মানুষের তালিকা দেওয়া হতো, তাহলে যাচাই-বাছাই করে চাল দেওয়া যেত। কিন্তু তারা কোনো তালিকা না দিয়ে জোরপূর্বক চাল নেওয়ার চেষ্টা করেছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছেলে আসিফ অভিযোগ করে বলেন, “জামায়াতের লোকজন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ইউপি সদস্যদের ওপর হামলা চালিয়ে চাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা সরে যায়।
প্রত্যক্ষদর্শী সোহাগ হোসেন জানান, আমিও এখানে চাল নিতে এসেছিলাম। দেখি জামায়াতের প্রায় ১০ জন নেতা সচিবের সঙ্গে বসে কথা বলছেন। পরে তাদের দাবির সঙ্গে মিল না হওয়ায় তারা সচিবের কলার ধরে টানাহেঁচড়া করেন। এরপর বিভিন্ন জায়গায় ফোন দিলে একে একে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের লোকজন সেখানে আসে এবং হট্টগোল সৃষ্টি করে। পরে চাল নিতে আসা স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিরোধ করলে তারা সেখান থেকে চলে যায়।
তবে অভিযোগ অস্বীকার না করলেও বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন বলে জানিয়েছেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম। তিনি বলেন, “আমাদের দলীয় লোকজন সেখানে গিয়েছিল কি না, তা নিশ্চিত নই। বিষয়টি খোঁজ নিয়ে পরে কথা বলব।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, হালকা গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন–এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ হয় নি।