মোছা. পারভীন আক্তার,জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চর কামালের বার্ত্তী এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
মামলার বাদী মো. শাহ আলম অভিযোগ করেন, গত ১১ এপ্রিল শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, একই এলাকার মো. আশরাফুল (৩০), মো. আলমাছ (২৫), মো. বড় গেল্লা (২৩), মো. ফকির মিস্ত্রি (৩০), মো. আবু রশিদ (৫০), ফাল্গুনী বেগম (২০), পিয়ারা খাতুন (৫০)সহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জন রামদা, হাতুড়ি, লোহার সাবল, পাইপ, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়।
বাদীর দাবি, হামলাকারীরা বসতঘর, রান্নাঘর ও বাথরুম ভাঙচুর করে এবং খড়ের পালায় আগুন দেওয়ার চেষ্টা চালায়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন, নগদ ৫০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ জমির কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
মো. শাহ আলম আরও অভিযোগ করেন, ঘটনার সময় তাঁর মেয়ে মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা বাধা দেয় এবং পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী পরিবার জানায়, থানায় মামলা করতে ব্যর্থ হয়ে পরে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের সত্যতা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।