ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গাছের ডাল কাটাতে গিয়ে দুই শিশু গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর ভবসুর ঠোটাপাড়া এলাকার বাসিন্দা মো. হেলাল মিয়া (৪০) পেশায় একজন মৎস্যজীবী। গত ১৭ এপ্রিল সকালে তাঁর ছেলে (১২) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আরেক শিশুসহ প্রতিবেশী কফিল উদ্দিন মাস্টারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় অভিযুক্ত কফিল উদ্দিন মাস্টার (৬৫) ও শাহানাজ বেগম (৪৫) তাদের ডেকে বাড়িতে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, সেখানে এক শিশুকে একটি বড় মেহগুনি গাছে উঠিয়ে ডাল কাটতে বাধ্য করা হয় এবং অপর শিশুকে নিচে দাঁড়িয়ে ডাল ধরার জন্য বলা হয়। একপর্যায়ে গাছের ওপর থাকা শিশুর হাতে থাকা ধারালো দা নিচে পড়ে গিয়ে হেলাল মিয়ার ছেলের পায়ে গুরুতর আঘাত লাগে। এতে তার পায়ের গোড়ালির রগ কেটে যায়। এ সময় গাছ থেকে নামতে গিয়ে অপর শিশুও পড়ে গিয়ে হাত ভেঙে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করা হয়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা আহত শিশুদের কোনো খোঁজখবর নেননি, বরং ভয়ভীতি প্রদর্শন করেছেন। তারা দাবি করেন, শিশুদের দিয়ে ইচ্ছাকৃতভাবে ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়েছে, যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।