বিদ্যুৎ নিয়ে আওয়ামী লীগ করেছে কারখানা, অন্তর্বর্তী সরকার বাড়িয়েছে ভোগান্তি’: দেওয়ানগঞ্জে- বিমান মন্ত্রী

​রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার বিদ্যুতের নামে শুধু একের পর এক প্লান্ট তৈরি করেছে,কিন্তু তা কীভাবে চলবে তার কোনো পরিকল্পনা করেনি। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারও বিদ্যুৎ খাতের সমস্যায় কোনো নজর দেয়নি। এমনকি গ্যাস উৎপাদনের একটি নষ্ট মেশিন পর্যন্ত তারা মেরামত করতে পারেনি, যার খেসারত আজ জনগণকে বিদ্যুৎ ঘাটতি দিয়ে দিতে হচ্ছে।

​শুক্রবার (৪সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম.রশিদুজ্জামান মিল্লাত।

​একটি নতুন রাষ্ট্র ও দেশ গড়ে তুলতে জনগণের কাছে কিছুটা সময় চেয়ে বিমান মন্ত্রী বলেন, “আমাদের এখানে অনেক সংকট রয়েছে,যার মধ্যে সারের সমস্যা অন্যতম। চলতি মাস থেকেই প্রতিটি ইউনিয়নে সারের নতুন ডিলার নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে টিসিবির ডিলারশিপেও পরিবর্তন আনা হবে,যাতে বিগত দিনের কোনো ফ্যাসিবাদী শক্তি আর আমাদের ও সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।”

​দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদাসহ স্থানীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *