মেলান্দহে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ শওকত আলী,স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬  উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় মেলান্দহ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ঘোষণা করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। তিনি বলেন, মৎস্যচাষি, কৃষক ও শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সমস্যাগুলো মাঠপর্যায়ে গিয়ে খোঁজখবর নিয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, মৎস্যচাষিরা দেশের অর্থনীতি ও জনগণের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, মাছ চাষে ক্ষতিকারক কীটনাশক ও ওষুধের ব্যবহার মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে ক্যান্সার, কিডনি রোগসহ নানা জটিল রোগের কারণ হচ্ছে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান বলেন, “আমরা মাছে ভাতে বাঙালি” হলেও মানসম্মত মাছের পোনার অভাবে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্য মাছের উৎপাদন হ্রাস করছে বলেও তিনি উল্লেখ করেন। সভায় বক্তারা মাছ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ, অভয়াশ্রম রক্ষা এবং মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও বক্তব্য রাখেন মেলান্দহ থানার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল কবির মঞ্জু, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম রহিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হাসান লাভলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা হলরুম চত্বরে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমের পেছনে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *