কামাল উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি

অদ্য ১১ নভেম্বর জেলা পুলিশ পঞ্চগড় এর প্রেস বিজ্ঞপ্তিতে জানান “MD Masud Rana” নামক একটি ফেসবুক আইডি থেকে দেবীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ হারুন অর রশিদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ তুলে লাইভ প্রচার করা হয়, যা জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি নিবিড়ভাবে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হয়েছে।
প্রকৃত ঘটনা এই যে, দেবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দেবীগঞ্জ থানাধীন দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানার (৪৬) বাড়িতে কতিপয় ব্যক্তি দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশে দণ্ডপাল ইউনিয়নের বিট অফিসার এসআই মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে ০৮ (আট) সদস্যের একটি আভিযানিক দল ইউনিফর্ম পরিহিত অবস্থায় অদ্য ভোর ০৪.০০ ঘটিকায় মাসুদ রানার বাড়িতে অভিযান পরিচালনা করে।
আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কতিপয় নারী ও পুরুষ পালিয়ে যায়। এ সময় মাসুদ রানা, তার স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করে আশপাশের লোকজনকে জড়ো করে। একপর্যায়ে স্থানীয় কিছু নারী-পুরুষ ও তার পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে এবং অস্থিতিশীল পরিস্থিতির অবতারণা করে। তারা আভিযানিক দলের পথরোধ ও ধস্তাধস্তির মাধ্যমে সরকারি কাজে বাধা প্রদান করে এবং আসামি মাসুদ রানাকে গ্রেফতার এড়িয়ে পালিয়ে যেতে সহায়তা করে।
পরবর্তীতে আভিযানিক দল বিষয়টি তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দেয় এবং বলপ্রয়োগ থেকে বিরত থাকে।
উল্লেখ্য যে, অভিযুক্ত মাসুদ রানা ৮ নম্বর দণ্ডপাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় ১টি মাদক মামলা, ৩টি প্রতারণা মামলা এবং ১টি অন্যান্য মামলাসহ সর্বমোট ০৫টি মামলা বিচারাধীন রয়েছে। মূলত নিজের অপরাধ ও আইনি প্রক্রিয়া আড়াল করতেই তিনি পুলিশের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তুলে ফেসবুক লাইভে অপপ্রচার চালাচ্ছেন।
সরকারি কাজে বাধাদানকারী, মব সৃষ্টিকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচারকারী মাসুদ রানাসহ তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সম্মানিত নাগরিকদের এ ধরনের ভিত্তিহীন গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।