রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাগজে-কলমে সচল থাকলেও বাস্তবে ধুঁকছে শিক্ষার্থী সংকটে। প্রতিষ্ঠার দীর্ঘ তিন দশক পর এসে প্রতিষ্ঠানটিতে চরম স্থবিরতা দেখা দিয়েছে। খাতার পাতায় ২৩৬ জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকে মাত্র ৫ থেকে ১০ জন। অথচ হাজিরা খাতায় নিয়মমাফিক শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি দেখানো হচ্ছে, যা এক বড় ধরনের অনিয়মের চিত্র ফুটিয়ে তোলে।অনুসন্ধানে ও সরেজমিন পরিদর্শনে জানা যায়, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ‘সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা’এবং ২০০১ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হওয়ার কথা থাকলেও বর্তমানে বেহাল দশায় পড়েছে প্রতিষ্ঠানটি।সম্প্রতি সরেজমিন ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায়,২৩৬ জন শিক্ষার্থীর বিপরীতে উপস্থিত পাওয়া গেছে মাত্র ১১ জনকে। অথচ শিক্ষক ও কর্মচারীদের দাবি আর হাজিরা খাতার চিত্রের সাথে বাস্তবতার কোনো মিল নেই। হাজিরা খাতায় নিয়মিতভাবেই শিক্ষার্থীদের উপস্থিতি দেখানো হচ্ছে-যা নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, নিয়মিত পাঠদান না হওয়ায় অভিভাবকরা তাদের মেয়েদের এই প্রতিষ্ঠানে পাঠাতে অনীহা প্রকাশ করছেন। ফলে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা।বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ১৪ জন শিক্ষক কর্মরত ছিলেন। এর মধ্যে গত মাসেই সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক খুরশেদ আলী আকন্দ অবসরে গেছেন। অন্যদিকে ৫ জন কর্মচারীর মধ্যে রয়েছেন-১ জন অফিস সহকারী,১ জন আয়া,১ জন নিরাপত্তা কর্মী,১ জন নৈশ প্রহরী এবং ১ জন পরিচ্ছন্নতা কর্মী।শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও শিক্ষার্থীদের এমন নামমাত্র উপস্থিতি এবং খাতায় জালিয়াতির মাধ্যমে নিয়মিত হাজিরা দেখানোর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান মল্লিক সাংবাদিকদের বলেন,এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসীর কারনে শিক্ষার্থী উপস্থিতি কমেছে। এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী জানান,জনস্বার্থে এবং মাদ্রাসার হারানো গৌরব ফিরিয়ে আনতে অবিলম্বে এই অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।