ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসাসেবা প্রদানকারী বানেছার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে চোখের দৃষ্টিশক্তি হারানোর দাবি করেছেন সাকোয়াত নামে এক ব্যক্তি। এ ঘটনায় অসহায় সাকোয়াতের পাশে দাঁড়িয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এবং দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।জানা যায়, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে গিয়ে চিকিৎসাসেবা প্রদানকারী বানেছার ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সাকোয়াত। তাঁর দাবি, ওই চিকিৎসার পর থেকেই তাঁর চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে চোখের সমস্যার কারণে স্বাভাবিক জীবনযাপন ও দৈনন্দিন কাজকর্মে তাঁকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।এমন পরিস্থিতিতে সাকোয়াতের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন ও দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন। তাঁরা সাকোয়াতের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন, যাতে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পান।প্রশাসনের এই মানবিক উদ্যোগে সাকোয়াত ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহলও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।তবে সাকোয়াতের চোখের দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ এবং কমিউনিটি ক্লিনিকের চিকিৎসাসেবা প্রদানকারী বানেছার বিরুদ্ধে ওঠা ভুল চিকিৎসার অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনার যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার মান ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি,এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।