ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চৌরাস্তা বটতলা এলাকায় যানবাহন থেকে ২০ ও ৫০ টাকা করে ‘বিট’ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করছেন যানবাহনের মালিক ও চালকেরা।
অভিযোগকারীদের দাবি, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের অন্যান্য এলাকায় সড়কে এভাবে বিট আদায় করতে দেখা না গেলেও বকশীগঞ্জ পৌরসভার চৌরাস্তা বটতলা এলাকায় যানবাহন থেকে টাকা নেওয়া হচ্ছে। বিট আদায় নিষিদ্ধ থাকার পরও এ কার্যক্রম বন্ধ হচ্ছে না বলে তাঁদের অভিযোগ।
তাঁদের প্রশ্ন, সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে এভাবে টাকা আদায়ের বৈধতা কী? কার নির্দেশে এবং কীসের ভিত্তিতে এ টাকা নেওয়া হচ্ছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে বক্তব্য জানতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ও যানবাহনের মালিক-চালকেরা অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে বিট আদায়ের বৈধতা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।