জামালপুরে দশ ছাত্রের পড়ালেখার দায়িত্বগ্রহণ করলেন শিক্ষানুরাগী রাজিব

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার নান্দিনায় নিজস্ব অর্থায়নে দশ ছাত্রের পড়ালেখার দায়িত্বভার গ্রহণ করলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী রাজিব সরকার।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নান্দিনার বাঁশহাটি এলাকায় রাজিব সরকারের নিজবাড়িতে এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে তিনি ছাত্রদের দায়িত্বভার গ্রহণ করেন।

দোয়া মাহফিলের আগে লেখাপড়ার দায়িত্বভার নেওয়া নান্দিনার আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার দশ জন শিক্ষার্থীর হাতে ইসলামিক কিতাব তুলে দেওয়া হয়।

কিতাব বিতরণের সময় রাজিব সরকার বলেন, যতদিন তারা লেখাপড়া করতে চায় আমি তাদের খরচ বহন করবো। লেখাপড়া শেষে যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমার উদ্দেশ্য হলো গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। যেহেতু আমি প্রবাসী। দীর্ঘদিন ধরে প্রবাসে আছি। তাই প্রতিবছর আট থেকে দশ জন গরীব ও অসহায় মানুষ, যাদের আর্থিক যোগানের ব্যবস্থা নাই, জমিজমা নাই, তাদেরকে আমি ফ্রিতে বিদেশে নিয়ে যাই। এসব মানুষ যাতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন। মধ্যপ্রাচ্যের যে দেশেই তারা যেতে চায় আমি বিনাখরচে পাঠাবো।

মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার ছাত্রদের দায়িত্বভার নেওয়ার পর প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা নূর উদ্দিন বলেন, আমাদের এতিমখানা মাদরাসার দশ জন ছাত্রের লেখাপড়ার যাবতীয় খরচের ভার নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী রাজিব সরকার। এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ। এতে ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আমি মনে করি। তিনি যেন এমন মহৎ কাজ সবসময় করতে পারেন, সেজন্যও দোয়া করি।

কিতাব বিতরণ ও দোয়া মাহফিলে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নওয়াব হোসেন জুয়েলসহ রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. আবু ইউসুফ সাহেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *