শাহিন আলম হৃদয়, স্টাফ রিপোর্টার:
জামালপুরের মাদারগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
সাজাপ্রাপ্ত আসামি হলেন— বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার মুকুল শেখের স্ত্রী শিরিনা (৪০)।
ডিএনসি জামালপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাসেল দিও-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে শিরিনাকে গ্রেপ্তার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপস্থিত জনসম্মুখে জব্দকৃত আলামত ধ্বংস করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।