ইত্তিজা মনির বরগুনা প্রতিনিধি
নবায়নযোগ্য জ্বালানি এখনই’ এ স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরসহ নবায়নযোগ্য জ্বালানির দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ধরিত্রী রক্ষায় আমরা ধরা বরগুনা শাখা, ওয়াটার কিপারস বাংলাদেশ, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, আলোর পথিক যুবক ক্লাব, বিডি ক্লিন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটির যৌথ আয়োজনে শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় বরগুনা সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক কর্মসূচি ‘Global Week of Action’-এর অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন COP31-এর প্রাক্কালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী করতে বিভিন্ন প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখছেন ধরা বরগুনা শাখার সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম নেছার, ধরা বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, সমাজকর্মী আব্দুল মান্নান চুন্নু, বরগুনা টিআইবির অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় সভাপতি অলিউল্লাহ আলামিন, আলোর পথিক যুবক ক্লাবের সভাপতি আতিকুর রহমান সাবু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিত এবং সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
মানববন্ধন থেকে জীবাশ্ম জ্বালানির অর্থায়ন বন্ধ, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং জনগণকেন্দ্রিক দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানানো হয়।