মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহিড়ীকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে অটোরিকশার ওপর পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০জন।
আহতদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদরের বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৬০), একই এলাকার মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০), তুলসীপুর সেগুয়া এলাকার মৃত আতাহার আলীর ছেলে মো. মকবুল হোসেন (৬৫) এবং পৌরসভার মুকন্দবাড়ী এলাকার মো. রুবেল রানা (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। এসময় অটোরিকশাটিকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গিয়ে অটোরিকশার ওপর পড়ে যায়। এতে বাস ও অটোরিকশার যাত্রীরা চাপা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রুবেল নামের এক ব্যাক্তির মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার কারণে জামালপুর- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। পরে রাত সাড়ে ১০ টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।