দেওয়ানগঞ্জে মাদক কারবারিদের আতঙ্ক ওসি আনোয়ার হোসেন

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন। মাদক কারবারি, সেবনকারী ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ–প্রশাসনের কার্যক্রম থেকে জানা গেছে, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, আগে প্রকাশ্যে কিংবা আড়ালে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই এখন পুলিশের অভিযানের কারণে সতর্ক হয়ে পড়েছেন। নিয়মিত অভিযান ও গ্রেপ্তারের ফলে মাদক কারবারিদের মধ্যে এক ধরনের ‘আতঙ্ক’ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের ধরন ও আইনি প্রক্রিয়া অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে। এর মধ্যে এক মাস, দুই মাস, তিন মাস, ছয় মাস এমনকি এক বছর পর্যন্ত কারাদণ্ডের ঘটনাও রয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কাউকে হয়রানি নয়, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতেই আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেওয়ানগঞ্জের সচেতন নাগরিকেরা মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তাঁদের মতে, শুধু অভিযান ও কারাদণ্ড নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই তরুণ প্রজন্মকে এ ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *