মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খানের উদ্যােগে বৃক্ষ রোপণ ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে পশ্চিম ফুলবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও জজ কোর্ট প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও মশা নিধনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বৃক্ষ রোপণ ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি এমপি।
প্রধান অতিথির বক্তব্যে নিলুফার চৌধুরী মনি বলেন, বাংলাদেশ সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কাজ হাতে নিয়েছে। আমরা যেখানে যাচ্ছি বৃক্ষ রোপণ করছি। পরিবেশ বান্ধব ও পরিবেশের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের কোন বিকল্প হতে পারে না। এটা আমাদেরকে বুঝতে হবে বুঝাতে হবে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে।
তিনি আরও বলেন, একজন মানুষ যদি দুইটা করে গাছ লাগাই তা হলে আমাদের যে টার্গেট, সেই টার্গেটা পুরা হবে। গাছ মরার পরেও যে কয়টা বেঁচে থাকবে, যতগুলো বেঁচে থাকবে তাও আমাদের টার্গেট ফুলফিল হবে। এই লক্ষ্যে নিয়ে আমি আগামী কয়েক মাসের মধ্যে জামালপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে আমি টার্গেট নিয়েছি ৫০ হাজার গাছ লাগাবো। জামালপুর সদরের ১৫ টি ইউনিয়নে ৫০ হাজার গাছ লাগাবো আপনারা আমার জন্য দোয়া করবেন।
জেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান এই বৃক্ষ রোপণ ও মশা নিধন কার্যক্রমের আয়োজন করেন।
এসময় জেলা ও শহর যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।