বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসতঘর ঝুঁকিতে ফেলার অভিযোগ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতা ও পরিকল্পিতভাবে ড্রেন বানিয়ে এক ভুক্তভোগীর বসতঘর মারাত্মক ঝুঁকিতে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী ও তাঁর পরিবারকে প্রাণনাশসহ লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিকার ও জানমালের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবার বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট রাতে উত্তর ধাতুয়াকান্দা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাকের নিজ বসতঘরের পেছনে বিবাদীরা মোঃ ফকর উদ্দিন অসৎ উদ্দেশ্যে এবং পরিকল্পিতভাবে একটি ড্রেন তৈরি করে। ড্রেনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বৃষ্টির পানির তীব্র স্রোত সরাসরি ঘরের ভিটার দিকে প্রবাহিত হয়। এর ফলে গত দুদিনের বৃষ্টিতে ঘরের ভিটার মাটি দ্রুত সরে গিয়ে পুরো বসতঘরটি ভেঙে পড়ার মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক জানান, পরিকল্পিতভাবে ঘরের পেছনে ড্রেন কইরা আমার ঘরের ভিটার মাটি সরাইয়া দেওয়ায় ঘরডা ঝুঁকির মধ্যে পইড়া গেছে। পরদিন সকালে আমি এই বিষয়া নিয়া কথা বলতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া ওঠে। কথা বলতে গেলে আমারে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা হুমকি দিয়া কয় এই নিয়া যদি কোনো মামলা-মোকদ্দমা করি, তবে আমারে মাইরা লাশ গুম কইরা দিব এবং পুরো পরিবাররে এলাকাছাড়া করব।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর থেকে বিবাদীদের ক্রমাগত হুমকিতে অবরুদ্ধ ও আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন তারা।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার কর্মকর্তা মকবুল হোসেন জানায়, ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাকের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *