শাহিন আলম হৃদয়, স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জে নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ সোলাইমান ইসলাম (২৮) ও রুবেল মিয়া (২৫) নামে দুই যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে।
আটককৃতদের বাড়ি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামে। সোলাইমান ইসলাম ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। অপর আটককৃত রুবেল মিয়া একই এলাকার শহিদুল ইসলামের ছেলে; তবে তার কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আদালতে প্রেরণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।