ধোবাউড়ায় অবৈধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা, দুটি নৌকা জব্দ

এম এ খালেক, ​হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বালুঘাটে সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা এবং বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলসিন্দুর ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। নদী থেকে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের সময় সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ কার্যক্রমে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়।

​অভিযান পরিচালনা করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। তিনি অবৈধ বালু উত্তোলনের নেতিবাচক দিক তুলে ধরে বলেন:

​”অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পায়, পরিবেশের ব্যাপক ক্ষতি হয় এবং আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ে।”

​তিনি আরও সতর্ক করে জানান, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *