ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন করে নিজের ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘটনায় এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা ও ভাই। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন তিনি মাদক সেবনের পর ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে মারামারি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার মা ও ছোট ভাই পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তকে তিনমাসের দণ্ড প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের কারণে পারিবারিক অশান্তি ও সামাজিক সমস্যা দিন দিন বাড়ছে। তারা মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।