বিয়ের আশ্বাস দিয়ে দুই দফা ধর্ষণ: বিশ্বম্ভরপুরে পুলিশের হাতে ধরা পড়লেন সাবেক ইমাম

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি

বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাদশের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন আহমেদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হুমায়ুন আহমেদ সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে। তিনি স্থানীয় রতারগাঁও গ্রামের দক্ষিণপড়া জামে মসজিদে ইমামতি করতেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের পাশের একটি পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠার সুযোগে স্থানীয় দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করেন হুমায়ুন। গত ২৪ মে রাতে তিনি ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলতে চাকু দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে ১৭ জুলাই দুপুরে আবারও তাকে ধর্ষণ করা হয় এবং নিজের স্ত্রীকে তালাক দিয়ে ওই ছাত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন হুমায়ুন।

পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত হুমায়ুন তা অস্বীকৃতি জানান এবং ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্বম্ভরপুর থানা পুলিশকে নির্দেশ দেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী থানায় মামলা রেকর্ড করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *