নেতাই নদের উত্তোলিত বালু যাচ্ছে হালুয়াঘাট সড়কে: ওভারলোড ট্রাকের দাপটে নষ্ট সড়ক ও প্রতিবাদ

এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের সীমান্তবর্তী নদ নিতাই। দীর্ঘদিন ইজারা বন্ধ থাকার পর চালু হলেও নিয়ম-নীতি তোয়াক্কা না করে উত্তোলিত বালু ওভারলোড করে ট্রাক অবাধে চলাচলে নষ্ট হচ্ছে হালুয়াঘাটের ৬টি ইউনিয়নের বিভিন্ন সড়ক। এতে দুর্ভোগ যেন শেষ নেই ওই এলাকার মানুষদের।

আজ বিকেলে উপজেলার বিলডোরা বাজারে এই দুর্ভোগ লাঘবে অতিরিক্ত বালুবাহী ট্রাক অবাধে চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বিভিন্ন বালুমহাল ও বালু উত্তোলন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য ট্রাকে করে অতিরিক্ত বালু বোঝাই করে সরু ও আঞ্চলিক সড়ক দিয়ে বালু পরিবহন করা হয়। ফলে সড়কের ওপর অতিরিক্ত চাপ পড়ছে এবং বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও ভারী যানবাহনের চাপে সড়কের ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে।

বক্তারা জানান, ধোবাউড়ায় কংস নদের সেতু ভেঙে যাওয়ায় বিকল্প পথে হালুয়াঘাট সদর, গাজীরভিটা, বিলডোরা, শাকুয়াই, আমতৈল ও স্বদেশী ইউনিয়নের সড়ক দিয়ে এসব পরিবহন চলাচলের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি বালু বোঝাই করে ভারী ট্রাক চলাচলের ফলে সড়কের পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ।

তাদের দাবি, ওভারলোড বালুবাহী ট্রাকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও আইনগত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি সড়কের ধারণক্ষমতা অনুযায়ী যানবাহন চলাচল নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষায় সড়কের ক্ষতি আরও বাড়বে এবং পণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। সড়ক রক্ষার্থে অবিলম্বে ওভারলোড বালুবাহী ট্রাকের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “ইতোমধ্যে ধোবাউড়া ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে যেন ওভারলোড ট্রাক এ পথে না আসে। হালুয়াঘাট পথে আসা ১০ টি ট্রাক ইতোমধ্যে জড়িমানা করা হয়েছে।” 

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন এ ব্যাপারে আমি অবগত রয়েছি। আগামীকাল থেকে নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

জানতে চাইলে ধোবাউড়া নেতাই নদের ইজারাদার হারুন- অর রশিদ একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেন নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *