এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৯ নং ধারা ইউনিয়নে ইউনিয়ন উন্নয়ন সহায়তা (বিবিজি) কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ।
বুধবার (২৯ জুলাই ২০২৬) দিনব্যাপী এই পরিদর্শনের সময় তিনি চলমান প্রকল্পগুলোর কাজের গুণগত মান এবং বাস্তবায়নের বর্তমান অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে কাজের সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কাজের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যেই যাতে প্রকল্পের কাজগুলো মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দ্রুত কাজ শেষ হলে স্থানীয় জনসাধারণ এই উন্নয়ন কার্যক্রমের সুফল দ্রুত ভোগ করতে পারবেন।
এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।