এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মো. নূর মোহাম্মদ উজ্জ্বলের বিরুদ্ধে একটি কুচক্রী মহল কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
কলেজটির লাইব্রেরিয়ান শাহজাহান বেগম কতৃক আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রভাষক নূর মোহাম্মদ উজ্জ্বলের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নানা মনগড়া অভিযোগ তোলা হয়, যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষক।
লিখিত প্রতিবাদলিপিতে প্রভাষক মো. নূর মোহাম্মদ উজ্জ্বল জানান, কলেজের লাইব্রেরিয়ান শাহজাহান বেগম ব্যক্তিগত ক্ষোভ ও হীন উদ্দেশ্যে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করেন, কলেজে যাতায়াতের সময় রাস্তা বন্ধ করে দেওয়ার সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে। ২০০৫ সালে কলেজে চাকরি পাওয়ার পর থেকে অদ্যাবধি তিনি কোনো দলীয় রাজনীতির সাথে সরাসরি যুক্ত নন এবং সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
আজ বুধবার বিকেলে হালুয়াঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। লাইব্রেরিয়ান শাহজাহান বেগমের স্বামী কাজিম উদ্দিন ১২ নং স্বদেশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।”
প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে উত্থাপিত সাইনবোর্ড স্থাপন ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগগুলো সম্পূর্ণ কাল্পনিক। প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধারা আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির ওপর চাপ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং কলেজের পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে সাধারণ শিক্ষক ও কর্মচারীদের ওপর এ ধরনের মানসিক হয়রানি ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর তীব্র প্রতিবাদ জানান তিনি।
ভুক্তভোগী প্রভাষক মো. নূর মোহাম্মদ উজ্জ্বল এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।