এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দীর্ঘদিন ধরে খড়বোঝাই ট্রলি থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে ইউসুফ নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২১ জুলাই বিকেলে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে খড়বোঝাই ট্রলিগুলো থামিয়ে প্রতি ট্রলি থেকে জোরপূর্বক ২০০ টাকা করে চাঁদা আদায় করা হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ট্রলিগুলো সামনে এগোতে দেওয়া হতো না, যার ফলে চালক ও খেরের মালিকরা নিয়মিত চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।
জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় উপজেলা প্রশাসনের বৈধ ইজারা রয়েছে। তবে নিয়মানুযায়ী ওই ইজারার আওতায় খড়বোঝাই ট্রলি থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো আইনগত অনুমতি নেই। নির্ধারিত ইজারার বাইরে এই ধরনের জোরপূর্বক অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ।
এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ইউসুফকে আটক করে। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সার্বিক সহযোগিতা করেন হালুয়াঘাট সার্কেলের এএসপি মিজানুর রহমান।
প্রশাসনের এই দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হওয়ায় ট্রলি চালক, খড় মালিকসহ স্থানীয় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। সাধারণ মানুষের স্বার্থে এবং হয়রানি রোধে এ ধরনের আইনানুগ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।