মোঃ শওকত আলী,স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ০৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বাবুল। সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বর্তমান সরকার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। তিনি মাদকমুক্ত মেলান্দহ গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মাদক নির্মূল ও আইনশৃংখলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর উপজেলাব্যাপী মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক র্যালির আয়োজনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি মেলান্দহ বাজার যানজট মুক্ত করার জন্য একটি কমিটি গঠন করে নিয়মিত মনিটরিং করে মেলান্দহ বাজারকে যানজটমুক্ত করা যায়।
সভায় বক্তব্য রাখেন মেলান্দহ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জুর, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিসমত পাশা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রউফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজম খান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিসমত পাশা তার বক্তব্যে বলেন, মেলান্দহ বাজার সংলগ্ন মেথরপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। তিনি ওই এলাকায় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রয়োজনে মেথরপট্টি স্থানান্তরের বিষয়টিও বিবেচনার অনুরোধ করেন।
উপজেলা বি এনপির সেক্রেটারী জনাব মন্জুরুল কবির মন্জু বলেন, মেলান্দহ বাজারের আশেপাশে আগে অনেক মাদক সেবন ও বেচাকেনা হত, এখন অনেক কমে গেছে। আমরা সবার সম্লিলিত প্রচেস্টা করলে মেলান্দহ বাজার এবং আশে পাশে এলাকা থেকে মাদক নির্মূলে সচেস্ট হব।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত মেলান্দহ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।