জামালপুর শহর বিএনপির অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

শুক্রবার (১৭ জুলাই) রাতে পৌরসভার কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূর ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে, আপনারা এই অনুষ্ঠানে এত রাতে উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার রাজনৈতিক জীবনের পথচলা আমি পৌর বিএনপি’র সভাপতি হিসেবে প্রতিযোগিতার মাধ্যমে শুরু করেছিলাম। আল্লাহর অশেষ রহমতে আজকে প্রায় দীর্ঘ ২২ বছর ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

তিনি আরও বলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছি। পৌরসভার দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলাম। আজকে সদর আসনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছে এসেছি। আমার এই জীবনের পথ চলায় যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এই কম্পপুর এলাকা। আমি এবং আমার দল আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, একই সাথে আমি আমার সমর্থ অনুযায়ী মেয়র থাকা অবস্থায় যতটুকু সম্ভব ছিল, সুযোগ ছিল, এই এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আজকে জাতীয় সংসদ সদস্য হয়েছি আমার সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পৌরসভায় কাজ করতে হলে পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি লাগবে। সেই ক্ষেত্রে সামনে পৌরসভার নির্বাচন আসছে। এখানে আমাদের দলের মনোনীত প্রার্থী থাকবে মেয়র হিসাবে। আমাদের সমর্থিত কাউন্সিলর প্রার্থী থাকবে।

ওয়ারেছ আলী মামুন বলেন, আমার অনুরোধ এই এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের সিদ্ধান্তের সাথে একমত থাকবেন। গত ১৭ বছরে ফ্যাসিস্টের সময় নানা জুলুম নির্যাতনের মধ্যে আমি দেখেছি এই এলাকা হতে বিএনপির ভোট তো কমেই নাই, আগের চেয়ে আরো বাড়ছে। এইটার প্রতিদান আমরা দিতে চাই। এর প্রতিদান হিসেবে বড় ধরনের কাজ করতে হলে পৌরসভায় আমাদের মেয়র লাগবে। আমরা বিগত দিনের আন্দোলন সংগ্রাম, জনপ্রিয়তা, জনগণের সাথে সম্পৃক্ততা সকল কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিব। আমি যে কথাটি বলতে চাই, প্রার্থী অনেকেই হতে পারে। বিচ্ছিন্নভাবে প্রার্থী হয়ে বিএনপি’র বদনাম করার সুযোগ নাই।

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন যেটুকু হয়েছে বিএনপি’র সময় হয়েছে। বিএনপি’র প্রতিনিধির সময় হয়েছে। এই পৌরসভার উন্নয়ন আগামী দিনে বিএনপিকেই করতে হবে। এই কম্পপুরের উন্নয়ন আগামী দিনে বিএনপিকে করতে হবে। সেটি করতে হলে বিএনপির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আপনারা বেছে নিবেন কাকে দিয়ে আপনাদের কাজ হবে। কারা সুখে-দুঃখে, বিপদে-আপদে, আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থেকেছে। এইটা বিবেচনায় নিয়ে আগামী দিনে আপনারা সিদ্ধান্ত নিবেন। এটাই আমার বিশ্বাস, এটাই আমার অনুরোধ।

কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌরসভার মেয়র প্রার্থী শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীনুর রহমান শাহীনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি কুববাত হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. মুকুল, রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, আব্দুল বাসেদ প্রমুখ।

কর্মী সভায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *