ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

​এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

​ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার গাঙ্গীনার পার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— হেলাল উদ্দিন ও জসিম উদ্দিন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল গাঙ্গীনার পার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। অভিযান চলাকালীন মাদক সেবনরত অবস্থায় হেলাল উদ্দিন ও জসিম উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
​পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানান, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আজকের অভিযানে দুজনকে শাস্তির আওতায় আনা হয়েছে। এলাকার যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *