ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ, দেওয়ানগঞ্জ থানায় সাংবাদিকের জিডি

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট প্রকাশের অভিযোগ এনে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক নূর ই ইলাহী।
বুধবার (৮ জুলাই) দেওয়ানগঞ্জ থানায় দায়ের করা জিডির নম্বর ৩৬৮। জিডির ট্র্যাকিং নম্বর X3HANK।
জিডিতে নূর ই ইলাহী উল্লেখ করেন, তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সমাচার-এর দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি এবং দেওয়ানগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দেখতে পান, Nabil Hasan নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর পোস্ট করা হয়েছে। এসব পোস্টের কারণে তাঁর ব্যক্তিগত সুনাম, সাংবাদিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি দাবি করেন।
এছাড়া অভিযোগে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর ও তাঁর পরিবারের ক্ষতি করতে পারেন। এ কারণে তিনি পেশাগত দায়িত্ব পালন ও স্বাভাবিক চলাফেরায় নিরাপত্তাহীনতা অনুভব করছেন। ভবিষ্যতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান তিনি।
দেওয়ানগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *