​মাদারগঞ্জে গ্রাহকদের লাখ লাখ টাকা নিয়ে ব্র্যাকের নারী মাঠকর্মী উধাও, থানায় জিডি

মাদারগঞ্জ প্রতিনিধি,

জামালপুরের মাদারগঞ্জে ব্র্যাকের এক নারী মাঠকর্মীর বিরুদ্ধে ক্ষুদ্রঋণ কর্মসূচির গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পলায়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই মাঠকর্মীর নাম আশা আক্তার। তিনি ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিডিও (CDO) পদে মাদারগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
​এদিকে গত ২৪ জুন থেকে ওই কর্মী নিখোঁজ থাকায় মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্র্যাক মাদারগঞ্জ ব্রাঞ্চ কর্তৃপক্ষ। অন্যদিকে প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী গ্রাহকরা শুক্রবার বিকেলে মাদারগঞ্জ মডেল থানায় ভিড় জমান।
​কৌশলে হাতিয়েছেন লাখ লাখ টাকা
ভুক্তভোগী গ্রাহকদের সূত্রে জানা গেছে, পলাতক ব্র্যাক কর্মী আশা আক্তার পৌর শহরের গাবেরগ্রাম, বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এবং গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এলাকার ক্ষুদ্রঋণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন।
​গ্রাহকদের অভিযোগ, গত প্রায় দুই মাসে তিনি শতাধিক গ্রাহককে ঋণ পাইয়ে দেওয়ার পর, কৌশলে প্রত্যেকের কাছ থেকে ঋণের প্রায় অর্ধেক অর্থ ব্যক্তিগতভাবে ধার হিসেবে নেন। এছাড়া এক লাখ টাকা ঋণ পাওয়া কয়েকজন সদস্যের কাছ থেকে উচ্চ মুনাফায় বিনিয়োগের আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা করে গ্রহণ করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। এভাবে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করছেন তারা।
​বাসা ছেড়ে সপরিবারে পলাতক
খোঁজ নিয়ে জানা গেছে, আশা আক্তার বালিজুড়ী বাজারের লুলু হাজীর বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। সম্প্রতি প্রমোশন ও বদলির কথা বলে দুদিন আগে বাসার সব আসবাবপত্র ও জিনিসপত্র নিয়ে তিনি বাসা ছেড়ে চলে যান। নিখোঁজ আশা আক্তারের বাবার বাড়ি দেওয়ানগঞ্জ এবং স্বামীর বাড়ি মেলান্দহ এলাকায় বলে জানা গেছে।
​এই ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা তাদের টাকা ফেরত পাওয়ার দাবিতে এবং জালিয়াতির বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *