ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদরাসার অধ্যক্ষ পদে পুনর্বহাল হয়েছেন মো. মোতালেব হোসেন খান। তাঁর বেতন-ভাতা প্রদান এবং অধ্যক্ষের দায়িত্বে পুনরায় যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহম্মদ মোমতাজী স্বাক্ষরিত গত ১৫ জুনের এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রটি মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তৌফিকুল ইসলামের কাছে পাঠানো হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, অধ্যক্ষ মো. মোতালেব হোসেন খান গত ৭ জুন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি আবেদন করেন। আবেদনে তিনি তাঁর বকেয়া বেতন-ভাতা প্রদান এবং কর্মস্থলে পুনরায় যোগদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া এবং বিভিন্নভাবে হয়রানি ও হেনস্তার শিকার হওয়া শিক্ষক ও অধ্যক্ষদের বেতন-ভাতা প্রদানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একাধিক নির্দেশনা রয়েছে।
এসব নির্দেশনার আলোকে অধ্যক্ষ মোতালেব হোসেন খানের বেতন-ভাতা পরিশোধ এবং তাঁকে অধ্যক্ষের দায়িত্বে পুনরায় যোগদানের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওই পত্রের অনুলিপি জামালপুরের জেলা প্রশাসক, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বিদ্যোৎসাহী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও পাঠানো হয়েছে।
এদিকে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অধ্যক্ষ মোতালেব হোসেন খানের পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। তাঁদের মতে, এ সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।