ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ব্যক্তি সংঘবদ্ধভাবে মাদক কারবার পরিচালনা করে যুবসমাজকে বিপথগামী করছে।
অভিযোগ রয়েছে, খড়মা পূর্বপাড়া সাহাবাড়ী সংলগ্ন এলাকার মৃত আফছার আলীর ছেলে আমিনুল নিয়মিতভাবে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করে আসছেন। এ কাজে তার কয়েকজন সহযোগীও জড়িত বলে দাবি করেছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মাদক কারবারকে কেন্দ্র করে এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। প্রতিবাদ করলেই রাতের আঁধারে হামলা, ভয়ভীতি কিংবা ক্ষতির আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয়দের আরও দাবি, অভিযুক্তদের কাছে অবৈধ অস্ত্রও রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ফলে এলাকার যুবসমাজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হলেও অনেকেই নিরাপত্তার অভাবে প্রকাশ্যে কথা বলতে পারছেন না।
এলাকাবাসীর প্রশ্ন, দেওয়ানগঞ্জে সার্কেল অফিস, ডিবি পুলিশ, মডেল থানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর থাকার পরও কীভাবে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।