কৃষকের ঘরে হাসি ফিরাল ছাত্রদল: রাঙামাটিতেস্বেচ্ছাশ্রমে ধান কেটে মানবিক দৃষ্টান্ত

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির মোল্লাপাড়া এলাকায় আর্থিক সংকটে ধান কাটতে না পারা এক অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার এক দরিদ্র কৃষক অর্থাভাবে জমির পাকা ধান কাটার জন্য শ্রমিক নিয়োগ করতে পারছিলেন না। এর মধ্যে অনিশ্চিত আবহাওয়া ও বৃষ্টির আশঙ্কায় তার কষ্টার্জিত ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে সোমবার (২৫ মে) সকালে রাঙামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির নেতৃত্বে নেতাকর্মীরা মাঠে নেমে ধান কাটা, আঁটি বাঁধা এবং কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ভুক্তভোগী কৃষক জানান, শ্রমিকের খরচ জোগাড় করতে না পেরে তিনি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে ঘরে তুলে দেওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; সমাজের দুর্দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ছাত্রদলের এই ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *